শিরোনাম

নীলফামারী, ১০ মার্চ, ২০২৬ (বাসস): ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে ১১২টি রেল কোচ।
ঈদের আগে এসব কোচ যুক্ত হবে মিটার গেজ ও ব্রডগেজের বিভিন্ন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে।
দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্র জানায়, শ্রমিকরা টানা রেল কোচ মেরামতে কাজ অব্যাহত রেখেছে। এ জন্য নির্ধারিত আট ঘণ্টা কাজের পরেও অতিরিক্ত সময় দিচ্ছে। সাপ্তাহিকসহ অন্যান্য ছুটির দিনেও তারা কাজ করছে। ইতোমধ্যে মেরামতকৃত ৭৪টি কোচ হস্তান্তর করা হয়েছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে।
ঈদের আগেই ১১২টি কোচ পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। কারখানার ২৬টি শপে জনবল থাকার কথা দুই হাজার ৮৫৯জন। অবসরে যাওয়ার পর বর্তমানে ৭১০ জন কর্মরত আছে। জনবল সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত সময় দিতে হচ্ছে শ্রমিকদের।
কারখানার ক্যারেজ শপের শ্রমিক আজিজুল ইসলাম বলেন, প্রতি বছর আমরা ঈদের আগে বাড়তি সময় কাজ করে থাকি। এ সময়ে সাপ্তাহিকসহ অন্যান্য ছুটি কাটানো সম্ভব হয় না। আমাদের শ্রমে ঈদে ঘরমুখো মানুষ বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে এতে আমরা খুশি।
পেইন্ট শপে কাজ করেন শ্রমিক নওশাদ মিয়া। তিনি বলেন, ঈদের ছুটিতে দূরদুরান্ত থেকে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে আমরা কোচগুলো মেরামত করছি। প্রতিবছর বাড়তি সময় দিয়ে ঈদের আগে একটি উল্লেখযোগ্য সংখ্যক কোচ আমরা মেরামত করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার ১১২টি কোচ মেরামত করা হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, নানা প্রতিক’লতার মধ্যেও এবার ঈদযাত্রায় রেলবহরে যুক্ত করতে ১১২টি কোচ মেরামত করা হচ্ছে। এর মধ্যে ৬৬টি ব্রডগেজ ও ৪৬টি মিটারগেজ। দ্রুত সময়ের মধ্যে পরিবহন বিভাগের কাছে মেরামত করা কোচগুলো হস্তান্তর করা হবে।