শিরোনাম

কুড়িগ্রাম, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”— এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আজ মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল ও পদ্ধতির বাস্তব মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিত সকলে দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি ও সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা ও জাকির হোসেন, সহকারী কমিশনার শেখ মাহবুবে সোবহানী, এ. বি. এম. মেজবাহ উদ্দিন আহমেদ, ফারহানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অ.দা.) মো. এনামুল হক, রেড ক্রিসেন্টের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিওর সদস্যরা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ দেশে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে তরুণ সমাজকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবেলায় একটি শক্তিশালী ও সচেতন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।