বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৪:৫৫

রাজবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু

রাজবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন। ছবি: বাসস

রাজবাড়ী, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে রাজবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

রাজবাড়ীর পাংশা উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নারী প্রধান পরিবারগুলোর জন্য ১২০১টি বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়।

আজ সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকরি গ্রামের ১২০১টি পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসুচি বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসুচির আওতায় যোগ্য উপকার ভোগীগণ পাইলটিং পর্যায়ে মাসিক ২ হাজার ৫শ’ টাকা হারে ভাতা প্রাপ্ত হবেন এবং পরবর্তী সময়ে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।

আজ সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

প্রধান মন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন, এছাড়া সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।