বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৪:৩৬

মাগুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাগুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

মাগুরা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কালেক্টরেট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে হবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ ধরনের মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষ দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন নিয়ন্ত্রণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।