বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৩:১৯

রাজশাহীতে ১৩টি মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী, ১০ মার্চ, ২০২৬ (বাসস): রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় অভিযান চালিয়ে ১৩ মামলার দুই  আসামি ও অপরাধ জগতের মূলহোতা মিলন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা এবং পুলিশ অ্যাসল্টসহ অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে। 

আজ মঙ্গলবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে এক চিহ্নিত সন্ত্রাসী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে মিলনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

মিলন দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে থাকা ১৩টি চাঞ্চল্যকর মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে, চলতি বছরের ৪ মার্চ রাজপাড়া থানায় একটি এবং ১৮ ফেব্রুয়ারি শাহ মখদুম থানায় চুরি ও মারধরের মামলা।

এছাড়াও তানোর থানা, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া ও রাজপাড়া থানায় ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া ডাকাতি (ধারা ৩৯২), চুরি (ধারা ৩৮০) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা। এমনকি পুলিশের ওপর হামলার মতো গুরুতর অপরাধেও তার সম্পৃক্ততা রয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছে যে, সে একটি বড় অপরাধী চক্রের মূলহোতা হিসেবে কাজ করত এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে আসছিল। র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং জনমনে স্বস্তি ফেরাতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামি মিলনকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।