শিরোনাম

কুড়িগ্রাম, ১০ মার্চ, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইলেকট্রিক খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান(৪০) এবং ঘোগাদহ ইউনিয়নের আলো চর এলাকার উমেদ আলী (৩৮)।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশ দিয়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দু’জনই ইলেকট্রিশিয়ান ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।