বাসস
  ০৯ মার্চ ২০২৬, ২০:২৮

শরীয়তপুর আধুনিক সদর হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এমপি সাঈদ

ছবি: বাসস

শরীয়তপুর, ৯ মার্চ ২০২৬ (বাসস): শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের সার্বিক অবস্থা স্বচক্ষে দেখার লক্ষ্যে তিনি আকস্মিক এ পরিদর্শনের সিদ্ধান্ত নেন।

আজ সকাল ৯টায় তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শরীয়তপুর সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মূলত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে এবং সেবার মান যাচাই করতে এই আকস্মিক সফর করেন। এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ওষুধের মজুত নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালের একজন চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালে হাজিরা দিয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগে বিএমডিসির রেজিস্ট্রেশন স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরপরই এমপি আসলামের এই ঝটিকা সফর হাসপাতালের চিকিৎসা সেবা উন্নত করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

এতে ইতিহাসপাতালে রোগী এবং তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা এমপিকে এ ধরনের ঝটিকা সফর অব্যাহত রাখতে অনুরোধ করেছেন।