বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৯:৪৯

নেত্রকোণায় খাদ্যে ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান

নেত্রকোণা, ৯ মার্চ ২০২৬ (বাসস) : জেলার বারহাট্টা উপজেলার আসমা বাজারে আজ সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়।

বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জিনিয়া জামানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এছাড়াও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল অভিযানে সহায়তা করে।

অভিযান চলাকালীন আসমা বাজারের বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ব্যবহার, লেবেল বিহীন রঙিন শিশু খাদ্য বিক্রয়, নোংরা মেঝেতে মিষ্টি সংরক্ষণ, ক্ষতিকর লিখিত কাগজে ইফতার সামগ্রী পরিবেশন এবং দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ীদের মোট ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জব্দকৃত অস্বাস্থ্যকর শিশু খাদ্য, পচা মাংস এবং নোংরা কাগজ জনসম্মুখে ধ্বংস করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. জিনিয়া জামান জানান, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।