শিরোনাম

বাগেরহাট, ৯ মার্চ, ২০২৬ (বাসস): উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। মানবিক দায়িত্ববোধ থেকে নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এর কোস্ট গার্ড বেইজ মোংলার ব্যবস্থাপনায় জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এ ক্যাম্পে প্রায় ২০০ জন অসহায়, গরিব ও দুঃস্থ মানুষ, নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও উপকূলীয় এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।