বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৯:০৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ফরিদপুর, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : ফরিদপুর শহরে সড়ক দুর্ঘটনায় মায়েসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়েসা ওই এলাকার মাহফুজের মেয়ে। সকালে খেলতে খেলতে দৌড়ে বাড়ির সামনে পাকা সড়কে উঠলে একটি অজ্ঞাতনামা ইঞ্জিনচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।