বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৭:৪৯

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪ লাখ টাকা মূল্যের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ 

চাঁপাইনবাবগঞ্জ, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকা থেকে ৪ টাকা মূল্যের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল (৮ মার্চ ২০২৬) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে বিজিবি।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপির বিশেষ টহলদল গতকাল  দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বোগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে তারা ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট-এর আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। বিজিবির জব্দকৃত নেশাজাতীয় ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সব সময় তৎপর। একইসাথে যে-কোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় নিরলসভাবে দায়িত্ব পালন করছে। 

তিনি জানান, আসন্ন ঈদ মৌসুমে ও জ্বালানি চোরাচালান রোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৫৩ বিজিবি গত ৩ মাসে একজন আসামিসহ ভারতীয় ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৭৫৫০ টি ট্যাপেন্টান্ডল ট্যাবলেট, একটি ইঞ্জিন চালিত নৌকা এবং একটি মোটরসাইকেল জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা।