বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৭:৪০

খুলনায় ঈদুল-ফিতরের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল আটটায়

ছবি: বাসস

খুলনা, ৯ মাচর্, ২০২৬ (বাসস): ঈদ-উল-ফিতরের নামাজের প্রধান জামাত সকাল আটটায় নগরীর সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল আটটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের এক প্রস্তুতি সভায় আজ একথা জানানো হয়। খুলনা জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় জানানো হয়, ঈদের দিন খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টা ও সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসমূহে জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে। সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। ঈদের দিন সব সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশু পরিবার, কারাগার, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদ উপলক্ষে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গতবছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ঈদ হলো ধর্মীয় অনুষ্ঠান। সুতরাং আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ঈদ আনন্দ উপভোগ করা আবশ্যক। তিনি ঈদের আগের রাতে পটকা-আতশবাজি ফোঁটানো থেকে শিশুদের বিরত রাখতে অভিভাবকদের অনুরোধ করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশ নেন।