বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:৩৭

চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

চাঁদপুর, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

জুয়ার সামগ্রীসহ গ্রেপ্তারকৃতরা হলেন, শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো. হারুন (৩৫), মো. শাহাদাত (২৫), মো. মিজান (৪৬), মো. আবুল হোসেন (৩৫), মিজানুর রহমান (৪০)।

গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার আয়নাতলী গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সুজন (৩০)। এছাড়া গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, সাব্বির হোসেন (২২), মো. রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।

থানা পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, গতকাল রোববার রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ার সামগ্রীসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে পনের পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনের সড়ক থেকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরেক মাদক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের রাঢ়া মৌলভীবাজার এলাকার হাটিলা টঙ্গী পাড়াগামী রাস্তার ওপর থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া উপজেলার আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার আসামিদের আজ চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।