শিরোনাম

নওগাঁ, ৯ মার্চ ২০২৬ (বাসস): জেলার নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে “ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে আজ সোমবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ওয়াটার এইড বাংলাদেশ-ইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর সহযোগিতায় বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট কর্মসূচি এর আওতায় আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোছা. সাবিনা ইয়াসমিন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য ও কর্মপরিধি সম্পর্কে আইনি ব্যাখ্যা প্রদান করা হয়।
নারী জনপ্রতিনিধিদের কার্যকর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ/সমস্যা ও সমস্যা সমাধানের জন্য গৃহিত কর্মসূচি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং বাস্তবসম্মত সুপারিশ প্রদান করেন। অংশগ্রহনকারীরা স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি নারী উন্নয়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও জেন্ডার সংবেদনশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।