শিরোনাম

সুনামগঞ্জ, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করার দায়ে সোহেল চৌধুরী (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী এই আদেশ দেন। গতকাল রোববার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদাবাদ গ্রামের পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী আহমাদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
জানা গেছে, সাজাপ্রাপ্ত ব্যবসায়ী বৈশ্বিক অস্থিরতায় মধ্যে অধিক মুনাফা লাভের আশায় শহরের আহমাদাবাদ পয়েন্ট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ১১ ব্যারেল জ্বালানি তেল (পেট্রোল) মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী অভিযান পরিচালিত করে এসব জ্বালানি তেল জব্দ করেন।
তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।