শিরোনাম

নেত্রকোণা, ৯ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় পেশাজীবী গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ রোধে এক বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ (BRTA) নেত্রকোণা সার্কেলের উদ্যোগে আজ সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন। তিনি অংশগ্রহণকারী চালকদের সামনে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
তিনি বলেন, "অপ্রয়োজনে হর্ন বাজানো কেবল পরিবেশগত অপরাধ নয়, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।" আলোচনায় এলাকাভিত্তিক শব্দের মানমাত্রা নির্ধারণ এবং বিধিমালা লঙ্ঘন করলে অপরাধ ও দণ্ড আরোপের বিভিন্ন আইনি দিকগুলোও চালকদের সামনে ব্যাখ্যা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের উদ্দেশ্যে সহকারী পরিচালক আরও জানান, সাইলেন্স জোন বা শান্ত এলাকায় হর্ন বাজানোর বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। পরিবেশ সুরক্ষায় চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রশিক্ষণটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানে বিআরটিএ-র স্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।