শিরোনাম

সাতক্ষীরা, ৮ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় বিভিন্ন মালামাল করা হয়েছে।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, বৈকারী, মাদরা, চান্দুরিয়া, সুলতানপুর ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাতভাংগা মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাপালি পাড়া নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।
এছাড়া, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় ওষুধ, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বরই বাগান নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় উইনসিরেক্স কফ সিরাপ ও কফ রিলিফ কফ সিরাপ এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল তালশাড়ি আমবাগান নামক স্থান হতে ভারতীয় কফ রিলিফ কফ সিরাপ ও নেশা জাতীয় উইনসিরেক্স সিরাপ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৯২ হাজার দুইশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।