বাসস
  ০৮ মার্চ ২০২৬, ২০:১৫

মুন্সীগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা 

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৮ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।  

সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম, সিভির সার্জন ডা. কামরুল জমাদ্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মানব পাচার প্রতিরোধে চলমান কার্যক্রম জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। ভূমি দখল, অবৈধ স্থাপনা এবং জমি সংক্রান্ত বিরোধজনিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি, রমজানে নিত্য পন্যের পরিস্থিতি, বাজার তদারকি কার্যক্রম এবং ভেজাল বিরোধী অভিযান জোরদারের বিষয়ে আলোচনা হয়। 

এছাড়াও সভায় আসন্ন ঈদুল ফিতর, শেখরনগর কালী পূজা, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন সহ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে আলোচনা হয়।