বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:১৫

খুলনায় দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

ছবি : বাসস

খুলনা, ০৮ মার্চ, ২০২৬ (বাসস) : ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনার আজ রোববার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। 

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, যাকাত কোনো দয়া বা ফ্যাশন নয়, এটি বিত্তবান মুসলমানদের ওপর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বাধ্যতামূলক অর্থনৈতিক ইবাদত। যাকাত দিতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়। নামাজের মতোই যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ইসলামী যাকাত ব্যবস্থা সঠিকভাবে এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে মুসলমানদের হারানো অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধি পুনরায় ফিরে আসবে। যাকাত কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং মুসলিম উম্মাহর অর্থনৈতিক ভিত্তি নিশ্চিত করার অন্যতম হাতিয়ার।  আগামী বছর থেকে রমজানের প্রথম সপ্তাহেই অধিক সংখ্যক যাকাত প্রদানকারী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা আরও বড় পরিসরে আয়োজন করার জন্য তিনি অনুরোধ জানান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।