বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:০৯

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

বরিশাল, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো সচল আছে কি না তা নিয়মিতভাবে যাচাই করতে হবে। এসব ক্যামেরা কার্যকর থাকলে অপরাধ দমন ও অপরাধী শনাক্ত করা অনেক সহজ হবে।  

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হতে হবে উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে বিভিন্ন দোকানের পাশাপাশি পলিথিন উৎপাদনকারী কারখানা ও গুদামে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। অভিযান অব্যাহত থাকলে বাজারে পলিথিনের সরবরাহ ও ব্যবহার কমিয়ে আনা সম্ভব হবে। 

জেলা প্রশাসক খায়রুল আলম আরও বলেন, একটি অসাধু চক্র যুদ্ধের অজুহাত দেখিয়ে বাজারে তেল ও গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। দেশে তেল ও গ্যাসের পর্যাপ্ত মজুদের পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। 

তিনি সাধারণ জনগণকে অতিরিক্ত তেল ও গ্যাস মজুদ না করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইনসহ সামরিক বাহিনীর কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।