বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:০৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ, ৮ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ মোটরসাইকেল ও টমটমের (ব্যাটারি চালিত গাড়ি) মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরানীরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে এবং আগৈলঝাড়ার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ শেখ কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী থেকে মোটরসাইকেল যোগে বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরানীরপোল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা ভর্তি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হন। 

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।