শিরোনাম

নেত্রকোণা, ৮ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫’ লঙ্ঘন করে গাড়িতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই বাস চালককে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এসময় তিনটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন, নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব বিষয়ে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট জেলাজুড়ে অব্যাহত থাকবে।