শিরোনাম

ফরিদপুর, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, পুরুষদের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ফরিদপুর ৩ আসনের এ সংসদ সদস্য বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা সভাপতিত্ব করেন।
তিনি আরও বলেন, সমাজে এখনো একটি গোষ্ঠী নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারীদের পিছিয়ে রাখতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব বাধা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীরা যেন সমাজে মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করেন সাংসদ চৌধুরী নায়েব ইউসুফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান প্রমুখ।