বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৬:০৬

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

রোববার রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

রাজশাহী, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন।

সভায় এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে শুধু আলোচনা করে তা নথিবদ্ধ করলেই চলবে না, বরং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রথম সভা। রাজশাহীর আরও চারটি আসনের সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে সভায় অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা প্রধান, বিভিন্ন উপজেলার ইউএনও, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির নতুন সদস্য রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড. ওবায়দুল্লাহ।

সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।