শিরোনাম

খুলনা, ৮ মার্চ ২০২৬ (বাসস): পাঁচটি অস্ত্র উদ্ধারের পর একই দিন আবারও ১ টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ১ লাখ ৭৪ হাজার ৪০০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার (৭ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাসসকে জানান, সন্ধ্যায় থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বেগম রাবেয়ার তিনতলা ভবনের ভাড়াটিয়ার ঘর থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ অভিযোগে ভাড়াটিয়া মোহাম্মদ মোরশেদ আলী (৪৫) ও কাজী কবির আহমেদ (৫০) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর ১০ ঘণ্টা আগে, গতকাল সকালে খুলনা নগরীতে যাত্রীবাহী পরিবহন তল্লাশি করে ৫টি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।