শিরোনাম

চট্টগ্রাম, ৭ মাচর্, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ ছিনতাইকারীসহ মোট ৪৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।
আজ শনিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয় নগরের ১৬টি থানাধীন বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’-এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযানে ছিনতাইকারী ৩০ জন, মাদক ব্যবসায়ী ৩ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ জন কোতোয়ালি থানা এলাকা থেকে এবং ৪ জন হালিশহর থানা এলাকা থেকে ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এছাড়া চকবাজার থানা এলাকা থেকে দুই জুয়াড়ি এবং ডবলমুরিং থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।