শিরোনাম

লালমনিরহাট, ৭ মার্চ ২০২৬ (বাসস): কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার দুপুরে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শিংঝাড় ও রামখানা বিওপির দুটি বিশেষ টহলদল পৃথক অভিযানকালে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম শিংঝাড় এলাকায় এবং দুপুর ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খড়েরমাঠ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০ পিস ভারতীয় স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮টি প্যান্টের পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
ভারতীয় মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।