শিরোনাম

বরগুনা, ৭ মার্চ ২০২৬ (বাসস): গাঁজার গাছসহ এক তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে জয় পাহলান (১৭) নামে এক তরুণকে গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়।
বরগুনা জেলার বেতাগীতে নয়টি গাঁজার গাছসহ জয় পাহলান (১৭) নামের এই তরুণ গাঁজা চাষিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। জয় পাহলান চন্দমনি গ্রামের সত্তার পাহলানের পুত্র।
উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের চন্দমনি নামক এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১টার সময় এই তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরুণের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ আদালতের মাধ্যমে তাকে বরগুনায় জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গাছগুলো তার বসত বাড়ির পুকুর পাড়ের মাটিতে রোপণ করা হয়েছিল।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর (এসআই) বিকাশ কর্মকার জানান, স্থানীয় জয় পাহলান গাঁজার বীজ রোপণ করে গাছগুলো তৈরি করেছিলেন। যাতে করে পরবর্তীতে গাঁজা প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায়।