শিরোনাম

গোপালগঞ্জ, ৭ মাচর্, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে বিহান মন্ডল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে। সে ফেরধরা গ্রামের নির্মল মণ্ডলের পুত্র।
নিহত বিহান মন্ডলের কাকা নয়ন মন্ডল বলেন, দুপুরের দিকে হঠাৎ করে বিহানকে বাড়িতে দেখতে না পেয়ে আমরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে আমরা পুকুরের পানিতে তল্লাশি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানির নিচ থেকে তুলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।