বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৯:৩৪

নাটোরে জ্বালানি তেল মজুত করায় সততা ট্রেডার্সকে অর্থদণ্ড

নাটোর, ৭ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার সিংড়ায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, আজ দুপুরে উপজেলার নিংগইন এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে তেল মজুত করায় সততা ট্রেডার্সের স্বত্বাধিকারীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।  

অভিযুক্ত ব্যবসায়ী মো. রুবেল নাটোরের সিংড়া উপজেলার নিংগইন ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের পুত্র।

অভিযানকালে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাঁড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা দৃশ্যমান হয়। মাটির নিচে ট্যাংকির মধ্যে ১০ হাজার লিটার ডিজেল মজুত করার অপরাধে, সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাত আগামীকালের মধ্যে মজুত ডিজেল ব্যবসায় প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত এর অপরাধে এক ব্যক্তিকে জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে।