বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৬:৫৭

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

নওগাঁ, ৭ মার্চ ২০২৬ (বাসস) : জেলার মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। 

নিহত তন্ময় হোসেন (২৩) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির পুত্র।

আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভগিনীপতি আব্দুর রশিদ জানান, তন্ময় হোসেন মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। বিদ্যুৎ মিস্ত্রি হিসাবে কাজ করতেন তন্ময় হোসেন। প্রতিদিনের মতো আজও সকালে মোটরসাইকেল নিয়ে কাজে বের হলে নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোট সাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তন্ময় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।