বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৬:৫০

নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অভিযান

শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁও, রূপগঞ্জ ও বন্দর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে বিশেষ তদারকি কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয় । ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ৭ মার্চ ২০২৬ (বাসস): জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে দিনভর বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

আজ শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁও, রূপগঞ্জ ও বন্দর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে এই বিশেষ তদারকি কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বন্দর উপজেলার ১০টি পেট্রোল পাম্পে পুলিশসহ বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন। 

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বাসসকে জানান, অভিযানে পাম্পগুলোর স্টক রেজিস্টার যাচাই করে মজুদের সঠিক তথ্য পাওয়া গেছে। কোনো অনিয়ম না পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি। তবে খোলা বাজারে বা লুজ তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার সবগুলো পাম্প সচল রয়েছে।

এদিকে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের বাড়তি চাপ ও তেল কেনার হিড়িক পড়েছে। তবে অভিযানকালে সেখানে পাম্প মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন কেউ নির্ধারিত সীমার বেশি তেল বিক্রি না করেন এবং খোলা বাজারে ড্রাম বা পাত্রে তেল বিক্রি থেকে বিরত থাকেন।

একই সময়ে সকালে ফতুল্লা এলাকার প্রাইম ফিলিং স্টেশন, চৌরঙ্গী ফিলিং স্টেশন ও ফিরোজ ফিলিং স্টেশন পরিদর্শন করে জেলা প্রশাসনের একটি দল। 

অভিযানে দেখা যায়, প্রাইম ও চৌরঙ্গী ফিলিং স্টেশন নির্ধারিত সীমা মেনে জ্বালানি তেল বিক্রি করলেও ক্রেতাদের সঠিক বিক্রয় রশিদ (মানি রিসিট) প্রদান করছে না। এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে প্রতিটি বিক্রির বিপরীতে রশিদ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে, পরিদর্শনকালে ফিরোজ ফিলিং স্টেশনটি গত কয়েকদিন ধরে বন্ধ পাওয়া যায়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বাসসকে বলেন, অভিযানে উপস্থিত ভোক্তাদের সাথে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলার জ্বালানি সরবরাহের সার্বিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা মোতাবেক ডিজেল ও অকটেন বিক্রয়ের তথ্য পাওয়া গেছে।