বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৬:৩১

মেঘনায় অভয়াশ্রম রক্ষায় অভিযানিক দলকে হামলার চেষ্টা, আটক-২

ছবি: বাসস

বরিশাল, ৭ মার্চ ২০২৬ (বাসস) : অভয়াশ্রম রক্ষায় মেঘনা নদীতে অভিযানে যাওয়া অভিযানিক দলকে হামলা চালানোর ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অভয়াশ্রমে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযানিক দল সেখানে গেলে জেলেরা সংঘবদ্ধ হয়। ওইসময় বিভিন্ন নৌকার জেলেরা সংঘবদ্ধ হয়ে, একটি বড়ো ট্রলার নিয়ে অভিযানিক দলের স্পিড বোটকে তারা দেয় এবং বাঁশের লাঠি দিয়ে আঘাতের চেষ্টা করে।

তিনি বলেন, ট্রলারটিতে প্রায় ১০ জন লোক ছিল। এসময় সংঘর্ষ এড়াতে অভিযানিক দল কৌশলে পাশের একটি ট্রলার থেকে দুইজনকে আটক করে। সেইসাথে ট্রলারসহ বেহুন্দি জাল ও ২ টি লোহার অ্যাংকরও জব্দ করা হয়। 

পরে আটককৃতদের হিজলা উপজেলার সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। 

এসময় আটককৃত মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার বাসিন্দা মো. মারুফ হোসেন (২৪) ও মো. জাহাঙ্গির মাঝি (৫০) কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সেইসাথে ট্রলারটি পরবর্তীতে নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে রাজস্ব জমা করার জন্য জব্দ রাখা হয়েছে বলে বাসসকে জানিয়েছেন, অভিযানে নেতৃত্ব দেওয়া হিজলা নৌ পুলিশের উপ-পরিদর্শক শাহীন আলম।