বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১২:১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে আবেদনের সময় বাড়ল

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস): অধিভুক্ত সকল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষের বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে এই সময়বৃদ্ধি কার্যকর হবে। 

এছাড়া ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটিও এর অন্তর্ভুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) আগামী ৩১ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।