বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১১:৩২

জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে রাজবাড়ীতে অভিযান

ছবি : বাসস

রাজবাড়ী,৭ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে জেলা প্রশাসন জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান অব্যাহত রেখেছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন, কাজী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক। অভিযানের সময় পেট্রল, অকটেন ও ডিজেল এর সামগ্রিক মজুদ, চাহিদা ও সরবরাহ যাচাই করা হয়। ফিলিং স্টেশনগুলো যেনো বিভিন্ন পেট্রোলিয়াম তেলের মূল্য অধিক না রাখে ও কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে ব্যাপারে স্টেশনগুলোকে সতর্ক করা হয়। উপস্থিত ক্রেতাদেরকেও অধিক মাত্রায় তেল মজুদ না করে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হবার জন্য আহ্বান জানান হয়। পেট্রোলিয়াম এর সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।