শিরোনাম

দিনাজপুর, ৬ মার্চ, ২০২৬ (বাসস): দিনাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করেছে। এ লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
আজ শুক্রবার দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে দিনাজপুর জেলার প্রায় ১৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেইসঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সেক্টর কমান্ডার বলেন, কোনভাবেই যেন সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার হতে না পারে; সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্রটি জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।