শিরোনাম

কুষ্টিয়া, ৬ মার্চ ২০২৬ (বাসস): জেলায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ ওষুধ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আজ শুক্রবার শেওড়াতলা বিওপি এবং গতকাল বৃহস্পতিবার চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি’র টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৯ লাখ ২৭ হাজার চারশ’ টাকা।
উদ্ধারকৃত গাঁজা দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মালামাল বিধি মোতাবেক ব্যাটালিয়নের সিজার স্টোর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।