বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৯:৪২

‎‎পিরোজপুরে ল্যাব নিয়ে খাদ্য পরীক্ষায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

‎পিরোজপুর, ৫ মার্চ ২০২৬ (বাসস): জেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ পরীক্ষাগার নিয়ে খাদ্য সামগ্রী পরীক্ষা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এ এলাকার দোকানগুলো থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করে তা ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করা হয়। এসময় শহরের বিখ্যাত হুজুরের মিষ্টির দোকান থেকে দুধ পরীক্ষা করে তাতে ডিটারজেন্ট এর উপস্থিতি পাওয়া যায়। তাছাড়া ফুড প্যালেস নামে আর একটি দোকান থেকে জিলাপি পরীক্ষা করে তাতে ক্ষতিকারক হাইড্রোজ এর উপস্থিতি পায় এবং অন্য একটি দোকান থেকে গুড় পরীক্ষা করে তাতেও ক্ষতিকারক হাইড্রোজের উপস্থিতি পেয়ে দোকান তিনটির মালিকদের সতর্ক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ ‎অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি) মো. জাকির হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ।