বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৯:৩২

শরীয়তপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টি-স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত

ছবি : বাসস

শরীয়তপুর, ৫ মার্চ ২০২৬ (বাসস): জেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে মাল্টি-স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংগঠন এসডিএস এবং বিএনএনআরসি-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার এসডিএস কার্যালয়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন। বিশেষ অতিথি ছিলেন, ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্সপেক্টর মোশারফ এবং জেলা আইসিটি কর্মকর্তা জনাব সৈয়দ জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. বজলুর রহমান, এসডিএস-এর প্রতিষ্ঠাতা জনাব মজিবুর রহমান, এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এবং নড়িয়া উন্নয়ন সমিতির ডেপুটি নির্বাহী পরিচালক মেরিনা শওকত আলী।

কর্মশালায় জেলার সাংবাদিকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কেবল অপারেটর প্রতিনিধি, কনটেন্ট ক্রিয়েটর, নারী উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সংলাপে অংশগ্রহণকারীরা মতামত দেন যে, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা সহজলভ্য করা, তরুণদের ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংলাপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।