বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৯:০৫

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

দিনাজপুর, ৫ মার্চ ২০২৬ (বাসস):  জেলার বোচাগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আব্দুল বারেক (৫৫) নামে একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪'টায় জেলার বোচাগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

আজ দুপুর আড়াইটায় জেলার বোচাগঞ্জ উপজেলার আখাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আব্দুল বারেক ওই গ্রামের শরীফ উদ্দীনের পুত্র।

পুলিশের সূত্রটি জানায়, গত ১১ জানুয়ারি রাতে বোচাগঞ্জ উপজেলায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অফিসের ৩ নৈশ্য প্রহরীকে বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় নেসকো কর্তৃপক্ষ বোচাগঞ্জ থানায় আব্দুল বারেকসহ তার সহযোগীদের আসামি করে একটি মামলা দায়ের করে।

ওই মামলার প্রেক্ষিতে আজ গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে আখাপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল বারেককে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা, একটি হাসুয়া, ৭টি লোহার রড, একটি লোহার হাতলসহ রড, একটি তালা কাটার লোহার কাচি, একটি তালা কাটার কাচির দ্বিতীয় অংশ, একটি ফ্রেমযুক্ত হ্যাচকো ব্লেডসহ একটি মাঙ্কি টুপি উদ্ধার করে পুলিশ।

জেলার বোচাগঞ্জ থানার (ওসি) পরিদর্শক মো. মিজানুর রহমান বাসসকে জানান, গ্রেফতারকৃত আব্দুল বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা চলমান রয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। 

বিচারক রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের আইনের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।