বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৮:৫৯

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনরা পেল সরকারি অনুদান

ছবি : বাসস

গোপালগঞ্জ, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারের মধ্যে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এসব অনুদান দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহতদের পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএ সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউর রহমানসহ বিআরটিএ কর্মকর্তা, কর্মচারী ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের গাজী মো. হাফিজুর রহমান, রুহুল আমীন খান, দুলাল খান, একই উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. অলিদ হাসান খান, ইছাখালী গ্রামের বাধন হাসান, দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ, কাজুলিয়া গ্রামের একরাম শেখ ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আলিশা মুসকানসহ নিহত ৮ জনের পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক নিহতের স্বজনদের এ টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টির অনুরোধ জানান।