বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৬:৪৮
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:৫৩

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : বাসস

রাজশাহী, ৫ মার্চ, ২০২৬ (বাসস): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

আসমা সাদিয়া রুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। মানববন্ধনে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা রুনার হত্যাকারী, এ হত্যার পেছনে কুশীলবদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় সরকার ব্যবস্থা নেওয়ার আহ্বানসহ তিন দফা দাবি জানান।  

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব বলেন, এমন হৃদয়বিদারক একটি ঘটনা মেনে নেওয়া কষ্টকর। তিনি সভাপতির দায়িত্ব নেওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে তার বিভাগকে পরিচালনার চেষ্টা করে যাচ্ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে যারা আছেন, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, তার তিনজন সন্তান রয়েছে। তিনি শুধু একজন মা নন, বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ এবং আমাদের শিক্ষক সমাজের একজন প্রতিনিধি। আমরা এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি দেখতে চাইনা।

রাবি সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার এমনভাবে হোক, যেন তার শাস্তি দেখে মানুষ শিক্ষা পায়। 

উল্লেখ্য, গত ৪ মার্চ বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে নিজ বিভাগের কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনা।