বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৪:২৫

নদী দূষণের অভিযোগ ভিত্তিহীন: এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ 

ছবি : বাসস

বগুড়া, ৫ মার্চ, ২০২৬ (বাসস): জেলার শেরপুরে অবস্থিত দেশের অন্যতম রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর বিরুদ্ধে ওঠা নদী দূষণের অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আজ দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক এ. কে. এম মাসুদুর রহমান। তিনি জানান, এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও তরল ক্লোরিন উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে। বর্তমানে এখানে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, করতোয়া, বাঙালি ও ফুলজোড় নদী দূষণের অভিযোগে বিভিন্ন সময়ে নেতিবাচক সংবাদ প্রচার হলেও বাস্তবে এর কোনো ভিত্তি নেই। ২০২৩ সালে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালকের নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কারখানায় ঝটিকা অভিযান চালায়। সেই সময় সংগৃহীত পানির নমুনা পরীক্ষায় সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ফলাফল পাওয়া যায় এবং নদী দূষণের কোনো প্রমাণ মেলেনি।

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি:

বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে তাদের উৎপাদিত বর্জ্যের বড় একটি অংশ স্থানীয় পেপার মিল ও ডাইং কারখানায় সরবরাহ করা হয়। অবশিষ্ট অংশ নিজস্ব অত্যাধুনিক ইটিপি প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করে পুনরায় ব্যবহার করা হয়। ফলে কারখানার বর্জ্য সরাসরি নদীতে যাওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া গতকালও তিনটি নদীর ছয়টি পয়েন্ট থেকে পানির নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে, যার ফলাফল সন্তোষজনক।

সম্প্রতি শেরপুর শহরের বারুনীর ঘাট এলাকায় মাছ ও জলজ প্রাণীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে মাসুদুর রহমান বলেন, ‘উক্ত স্থানটি আমাদের কারখানার আউটলেট থেকে প্রায় ৭ কিলোমিটার উজানে অবস্থিত। ভৌগোলিক কারণেই এই ঘটনার সাথে আমাদের কারখানার কোনো সম্পর্ক থাকা একেবারেই অসম্ভব।’ 
তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতেই একটি পক্ষ বারবার এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

উন্মুক্ত তদন্তের আহ্বান:

পরিবেশ রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এসআর কেমিক্যাল কর্তৃপক্ষ সরকার, পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমকে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। তারা যেকোনো সময় কারখানা পরিদর্শন ও নমুনা সংগ্রহের জন্য উন্মুক্ত ঘোষণা দিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।