বাসস
  ০৪ মার্চ ২০২৬, ২০:৩২

সাতক্ষীরার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সাতক্ষীরা, ৪ মার্চ ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একলাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার সকালে শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার লেবুবুনিয়ায় কপোতাক্ষ নদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- গোপন তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে স্থানীয়দেও সহায়তায় একটি বালু উত্তোলনকারী কার্গো, একটি ট্রলার ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামসহ ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় খুলনা জেলার কয়রা উপজেলা সদরের সিরাজুল ইসলামের পুত্র কার্গো মালিক বাবুকে একলাখ ৫০ হাজার টাকা এবং একই জেলার পাইগাছা উপজেলার বোরহানপুন গ্রামের মৃত মোকছেদ গাজীর পুত্র ট্রলার মালিক গাজী আসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

পরে, জরিমানার টাকা পরিশোধের পর আর বালু উত্তোলন না করার শর্তে মুচলেকার মাধ্যমে আটক ৬জনকে ছেড়ে দেয়া হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।   
 
 এ সময় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।