বাসস
  ০৪ মার্চ ২০২৬, ২০:২৭

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

নড়াইল, ৪ মার্চ ২০২৬ (বাসস): জেলা সদরে আজ বাস চাপায় মো. বুলবুল আক্তার (৬৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল- যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বুলবুল আক্তার নড়াইল পৌর শহরের কুড়িগ্রাম এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অবসরপ্রাপ্ত সদস্য। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে বুলবুল আক্তার বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে নড়াইল-যশোর মহাসড়কে উঠছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বুলবুল আক্তারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।