বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৯:৫৩

নবাবগঞ্জে বিজিবি’র ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ঢাকার নবাবগঞ্জ পার্কে অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় চলতি রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। 

বিজিবির ঢাকা সেক্টরের পক্ষ থেকে ১৫০ প্যাকেট, ফোর্স সাপোর্ট উইংয়ের পক্ষ থেকে ১৫০ প্যাকেট এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে ২০০ প্যাকেটসহ সর্বমোট ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের উইং কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।