শিরোনাম

সাতক্ষীরা, ৪ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কুশখালি ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭ বোতল ভারতীয় ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ (১০০ এমএল), ১৮ বোতল কোডাইন ফসফেট এবং উইনসারেক্স কফ সিরাপ (১০০ এমএল), চিংড়ি মাছের রেনু পোনা ও একটি মোটর সাইকেল, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে ৩ বোতল ভারতীয় মদ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল নোটি জঙ্গল আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর বড়ই বাগান নামক স্থান হতে ভারতীয় ওয়াইফাই রাউটার এর বিভিন্ন যন্ত্রাংশ এবং এয়ারটেল ‘৫-জি’ সীম জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৭৪ হাজার চারশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।