বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৯:১৪

গোপালগঞ্জে আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের আশাতীত ফলন

ছবি : বাসস

গোপালগঞ্জ, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় মরিচ চাষে অভাবনীয় সাফল্য এসেছে। মসলার উন্নত জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন পেয়েছেন স্থানীয় কৃষকরা।

আজ বুধবার দুপুরে উপজেলার কুশলি ইউনিয়নের দক্ষিণ বাশুরিয়া গ্রামে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এ তথ্য উঠে এসেছে।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, নিরাপদ খাদ্যের চাহিদা মেটাতে মসলাজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের সঠিক সমন্বয়ই কৃষিকে লাভজনক পেশায় রূপান্তরিত করতে পারে। টুঙ্গিপাড়ার এ সফল মডেল আমরা পুরো জেলায় ছড়িয়ে দিতে চাই।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল ইসলাম কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবুল বাশার মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার।

সফল কৃষকরা জানান, আগে সনাতন পদ্ধতিতে চাষ করে আশানুরূপ ফলন পাওয়া যেত না। কিন্তু এবার কৃষি অফিসের তদারকিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় ফলন হয়েছে আশাতীত। খরচ কম হওয়ায় লাভের অংকটাও বড় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাঠ দিবসে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা সরাসরি মরিচের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।