শিরোনাম

নড়াইল, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী (৫২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে চাচই-ধানাইড় গ্রামে আগুন ব্রিকস ইটভাটায় পানির মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার পাইকগাছার হকলারচক গ্রামের বাসিন্দা দাউদ গাজী পরিবারসহ লোহাগড়া উপজেলার আগুন ব্রিকস্ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার বেলা ১১টার দিকে দাউদ গাজী ইটভাটায় পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ভাটায় কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।