শিরোনাম

রাঙ্গামাটি, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : রমজান উপলক্ষে জেলার বরকল উপজেলার ছোটহরিণায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেছে বিজিবি।
আজ বুধবার সকালে উপজেলার আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুস সুন্নাহ হেফজখানা ও এতিমখানার মাঠে ইফতার সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেন ১২ বিজিবির জোন কমান্ডার লে: কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুস সুন্নাহ হেফজখানা ও এতিমখানায় ছাত্রদের মাঝে চাল , তেল, খেজুর,চিনি,ছোলা,মুড়িসহ খাদ্য সামগ্রী এবং ১৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।